ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম রাম্বলে যোগ দিলেন ট্রাম্প
ফেসবুক, টুইটার ও ইউটিউবে অ্যাকাউন্ট স্থগিতের পর নতুন এক সামাজিক মাধ্যম রাম্বল-এ যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার তিনি এই ভিডিও প্ল্যাটফর্মে যোগ দেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওইদিন ওহাই র্যালিও এই প্লাটফর্ম থেকেই লাইভ স্ট্রিমিং করেছেন ট্রাম্প।
রাম্বলের প্রধান নির্বাহী ক্রিস পাভলভস্কি তার সাইটে ট্রাম্পের ভেরিফায়েড অ্যাকাউন্টটি সম্পর্কে নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র লিজ হ্যারিংটন বার্তা সংস্থাটিকে জানিয়েছে, ডনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা রয়েছে। রাম্বলে যোগদান ওই পরিকল্পনার বিকল্প নয়, বরং বাড়তি সংযোজন। আর বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন বাকস্বাধীনতার উপর নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে, তখন মার্কিন জনগণের কাছে পৌঁছানোর এটি একটি দুর্দান্ত উপায়।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলা ঘটনার পর ট্রাম্পকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে টুইটার। ফেসবুক তার অ্যাকাউন্ট অন্তত ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেছে। আর অ্যালফাবেট মালিকানাধীন ইউটিউব বলেছে, যতক্ষণ না তারা নিশ্চিত হচ্ছেন সহিংসতার ঝুঁকি কমে এসেছে, ততক্ষণ তিনি ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন না। সর্বশেষ চলতি মাসের শুরুতেই সম্প্রতি চালু হওয়া ট্রাম্পের ব্লগটিও বন্ধ করে দেয়া হয়।